বিএমআরসি’র অনুমোদনের অপেক্ষায় ‘বঙ্গভ্যাক্স’
বাংলাদেশে উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অপেক্ষায় রয়েছে লাল-সবুজের পতাকাবাহী ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের জন্য রোববার বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আবেদন জমা দিয়েছে সিআরও লিমিটেড। দুপুরে বিএমআরসিতে ইথিক্যাল ক্লিয়ারেন্সের আবেদন জমা দিতে যান গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদসহ কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা। অনুমোদন পাওয়ার ১০ দিনের মধ্যেই ট্রায়াল শুরু করা হবে বলে জানিয়েছেন তারা। আবেদনে একসঙ্গে প্রথম ও দ্বিতীয় ট্রায়ালের অনুমোদন চাওয়া হয়েছে।
সব মিলিয়ে প্রায় ১০ হাজার পৃষ্ঠার আবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএমআরসির একজন সহকারী পরিচালক।
গ্লোব বায়োটেকের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ ডিজিবাংলাকে জানিয়েছেন, মানবদেহে বঙ্গভ্যাক্সের পরীক্ষামূলক প্রয়োগের এই গবেষণায় কাজ করবেন ৫৭ জনের একটি দল। এই দলের নেতৃত্বে থাকছেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল। শতাধিক সেচ্ছাসেবকের ওপর এ টিকা প্রয়োগের পরিকল্পনা নেওয়া হলেও আবেদন পড়েছে হাজারের বেশি।
অ্যানিমেল ডোজের বরাত দিয়ে এক ডোজেই কাজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. আসিফ মাহমুদ।